ডেস্ক বার্তা: রোববার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী নারীর (৬১) দাফন সম্পন্ন হয়েছে।
নগরীর মানিকপীরের টিলাস্থ সিটি কর্পোরেশনের কবরস্থানে বিশেষ ব্যাবস্থায় তাকে দাফন করা হয়। এসময় সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল, মৃত নারীর পরিবারের একজন সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে এসময় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৃতদেহের কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি।
প্রসঙ্গত, রোববার ভোররাত ৩টার দিকে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত নারীর মৃত্যু হয়।
৬১ বছর বয়স্ক ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে সিলেট ফেরেন। এরপর ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী।
এসময় তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। এদিকে সিলেটে গত শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৬২ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
এ নিয়ে সর্বমোট জেলায় ৭৩১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। হাসপাতালের কোয়ারেন্টাইনে আছেন ৩ জন।
এসময় সিলেটের সিভিল সার্জন বলেন ঝুঁকি এড়াতে ওই নারীর স্বজন ও তার কাছাকাছি আশা সবাইকে কোয়ারেন্টাইন করা হবে অন্যদিকে কোয়ারেন্টাইন এর কথা শুনে তার স্বজনরা বাড়ি তালা দিয়ে পালিয়ে যান ।












