বিশ্ববার্তা ডেস্ক: মালয়েশিয়া বাতিল করে দেওয়া বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আবার শুরু করেছে। তবে, নতুন সংখ্যায় কোনো শ্রমিক নয়, বরং আগামী ১ জুলাই থেকে বিদেশি কর্মীদের পুনঃস্থাপন প্রক্রিয়া চালু করার নোটিশ জারি করেছে মালয়েশিয়া সরকার।
গতকাল শুক্রবার দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানি থেকে কোনো কর্মী নিজ দেশে চলে গেলে, তাঁর স্থলে ওই কোম্পানি কর্মী নিয়োগ করতে পারবে। তবে ওই কর্মী আগের যে মালিকের অধীনে কর্মরত ছিলেন এখন সেই পুরোনো মালিকই এই কর্মীকে নিয়ে আসতে পারবেন কিনা, তা স্পষ্ট করা হয়নি।
এই পদ্ধতি দেশের সব সেক্টরের জন্য কার্যকর করা হয়েছে। তবে এরই মধ্যে যেসব কর্মী মালয়েশিয়ায় দশ বছর অবস্থান করেছেন বা যাদের বয়স ৪৫ বছর হয়ে গেছে স্বাস্থ্যগত কারণে তাদের নিয়োগ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মালয়েশিয়া সরকার ২০১৭ সালে এই নিয়মটি স্থগিত করে দেয়। সম্প্রতি সরকারের মন্ত্রিপরিষদ আবার নিয়মটি পুন:স্থাপনের অনুমোদন দেয়।
সরকার বিশ্বাস করে যে, এই পদ্ধতিতে নিয়োগ হলে পরে মালয়েশিয়াতে বিদেশি কর্মীদের সংখ্যা বাড়ানো হবে না; আবার কোম্পানির মালিকরা তাদের জন্য সরকার নির্ধারিত অনুমোদিত কোটাটিও বজায় রাখতে পারবেন।
আরোও পড়ুন: ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি কোম্পানিতে সরকার অনুমোদিত ১০০ জন বিদেশি কর্মীর মধ্যে যদি ২০ জন কর্মী নিজ দেশে চলে গিয়ে থাকে, তাহলে কোম্পানির মালিক ওই ২০ জন কর্মীর স্থলে নতুন করে ২০ জন কর্মী নিতে পারবেন












