কমলগঞ্জে শিক্ষিত যুবকদের দক্ষ করে তুলতে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে।-মন্ত্রী আরিফুল হক চৌধুরী

0
4
কমলগঞ্জে শিক্ষিত যুবকদের দক্ষ করে তুলতে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে।-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
oplus_0

কমলগঞ্জে শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর বক্তবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘কমলগঞ্জের অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছেন তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে।’ তিনি আরও বলেন, কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায় শিক্ষার দিক থেকে এগিয়ে। তাদের মধ্যে শিক্ষিত বেকার রয়েছেন তাদেরকে কাজে লাগানো দরকার। মন্ত্রী বলেন, মণিপুরী সম্প্রদায়ের সাথে আমার আলাদা একটা টান রয়েছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উৎসব উদযাপনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার উন্নয়নের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), যুগ্ম সচিব দেবজিত সিংহ, উপসচিব বিজন কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, সার্কেল এসপি ওয়াহিদুজ্জামান রাজু, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

পরে মন্ত্রী কমলগঞ্জ সদর, মুন্সীবাজার ও আদমপুরের সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পূজা পরিচালনা কমিটির পক্ষথেকে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়।

আপনার মতামত দিন