নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরী থিয়েটারের নবনির্মিত আধুনিক স্টুডিও ‘নটমণ্ডপ’ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাশ এর শুভ উদ্বোধন করেন।
ভারতীয় হাইকমিশনের ৩৫ লাখ টাকা সহায়তায় আধুনিক এ নটমন্ডপ নির্মিত হয়।
সম্মানিত অতিথি ছিলেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সুমি আক্তার, ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়েরর নৃত্য বিভাগের অধ্যাপক তামান্না রহমান প্রমূখ।
পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের নতুন বছরকে স্বাগত জানিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এবারও মণিপুরী থিয়েটার বিষু উৎসবকে ঘিরে আয়োজন করেছে নানান অনুষ্ঠান। এতে রয়েছে নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন (পাশা) খেলা।












