বিশ্ববার্তা ডেস্ক: করোনা মহামারীর সবচেয়ে ভয়াবহ দিন পার করল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৫৯১ জন। বিশ্বে আর কোনো দেশ একদিনে এত মৃত্যু হয়নি।
বিশ্বজুড়েই কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে আক্রান্ত ২২ লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু ছাড়িয়েছে দেড় লাখ। জাপান, ভারত, ব্রাজিল, ইউক্রেন ও পানামাতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। স্পেনে লকডাউন শিথিলের পর সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৮ হাজার ৫৮০ জন। এর মধ্যে ৫ লাখ ৬৪ হাজার ২২৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
জন হপকিন্স ইউনিভার্সিটির সূত্র উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার চার হাজার ৫৯১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এর আগে এক দিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ছিল দুই হাজার ৪৮২ জন।
এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৪৪ জন। আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৯০ হাজার ৬৩১ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। দেশটিতে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক। এছাড়া নিউজার্সি, কানেক্টিকাট, মিশিগানেও ভয়াবহ রূপ নিয়েছে এ মহামারী। শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৬ হাজারের বেশি, মারা গেছেন অন্তত ১৬ হাজার মানুষ। এছাড়া নিউজার্সিতে ৭৫ হাজার আক্রান্ত ও মারা গেছেন তিন হাজার ৫১৮ জন।
বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্রে করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সংক্রমণরোধে জারি করা বিধিনিষেধ পর্যায়ক্রমে শিথিল করতে নতুন দিকনির্দেশনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাটডাউন দীর্ঘমেয়াদে অব্যাহত থাকলে মার্কিন অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। লকডাউনের পাশাপাশি আর্থিক চাপ জনস্বাস্থ্যের জন্য ক্ষতি ডেকে আনবে জানিয়ে তিনি বলেন, এতে ব্যাপক হারে মাদক, অ্যালকোহল গ্রহণ, আত্মহত্যার প্রবণতা এবং হৃদরোগসহ বিভিন্ন অসুস্থতা বাড়তে পারে। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে মার্কিনিরা প্রস্তুত।
স্পেনে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ : স্পেনে লকডাউন শিথিলের তিন দিন পর করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৮৫ জন; যা আগের দিনের তুলনায় ৩৪ জন বেশি। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৮ হাজার ৬৮ জন। প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৪৭৮ জন। কয়েক দিন ধরে দেশটিতে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমে আসায় পরিস্থিতির উন্নতি দেখছে স্পেন সরকার। যে কারণে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, নির্মাণ শিল্প ও উৎপাদন খাত পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয়া হয়। তবে লকডাউন শিথিলের পরদিন থেকেই দেশটিতে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।
নিয়ন্ত্রণ হারাচ্ছে জাপান : জাপান শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে দারুণ দক্ষতা দেখালেও গত কয়েক দিনে কিছুটা ভাটা পড়েছে সেই ব্যবস্থায়। করোনা সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবার সারা দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে শুধু রাজধানী টোকিওসহ বড় শহরগুলোতে জারি ছিল এ নির্দেশনা। আগামী ৬ মে পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা জারি থাকবে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৭৯। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১২ জন। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯০ জনে। এদিন জাপানের মন্ত্রিসভার আরও এক কর্মকর্তার দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট তিন কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।
ভারতে এক দিনে ১০০০ বেশি আক্রান্ত : ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। অপরদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭০০জন। দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৩৫। মৃত্যু হয়েছে ৪৫২ জনের। এ পর্যন্ত এক হাজার ৭৭৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মে মাসের প্রথম সপ্তাহে ভারতে করোনায় সংক্রমণ তীব্র আকার ধারণ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মে মাসের পরেই করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করবে। এদিকে চীন থেকে সাড়ে ৬ লাখ করোনা পরীক্ষার কিট ভারতে এসে পৌঁছেছে।ভারতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র।
বৃহস্পতিবার সেখানে নতুন করে ১৬৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০৭ জনই মুম্বাইয়ের বাসিন্দা। এখন পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা তিন হজার ৮১। সেখানে ২৩ জন পুলিশ সদস্যও আক্রান্ত হয়েছেন। রাজধানী দিল্লির পরিস্থিতিও খুব একটা ভালো নয়। সেখানে গত ২৪ ঘণ্টায় ৬২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৬৪০ এবং মারা গেছেন ৩৮ জন।সুত্র: যুগান্তর












