বিশ্ববার্তা ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত সানজিদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নিহত সানজিদার মা রাশিদা বেগমের কাছে লাশ হস্তান্তর করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ইউনুছ রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সেবা তত্ত্বাবধায়ক রেনু আরা আক্তার, নার্সিং মেডিকেলের প্রিন্সিপাল ফয়সাল আহমদ চৌধুরী, সিলেট নার্সিং এসিয়োশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সম্পাদক সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক সিতি শিকদার, কোষাধ্যক্ষ তানজিনা তিথি প্রমুখ।
উল্লেখ্য, রবিবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১ টা ৪৮ মিনিটের সময় কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দূর্ঘটনাকবলিত হয়। এতে সড়ক পথের পর রেলপথেও সিলেটের সাথে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঢাকায় যাওয়ার জন্য রবিবার রাতে উপবন এক্সপ্রেসে রওয়ানা হয়েছিলেন সিলেট নার্সিং কলেজের ছাত্রী সানজিদা আক্তার ও ফাহমিদা ইয়াসমিন ইভা। কিন্তু ঢাকায় পৌঁছা হয়নি তাদের। মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা। তাদের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে সিলেট নার্সিং কলেজ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহত সানজিদা আক্তার বাগেরহাট জেলার মোল্লার হাট থানার আতজুরি ভানদর খোলা গ্রামের মো. আকরাম মোল্লার মেয়ে এবং ফাহমিদা ইয়াসমিন ইভা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে। তারা দু’জনই সিলেট নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
আরোও পড়ুন: গাড়ি আটক করে পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিকে মারধর
ইতোমধ্যে জালালপুরের ফাহমিদা ইয়াসমিন ইভার লাশ তার পরিবারের সদস্যদের কাছে পৌছে দেয়া হয়েছে।









