মুশফিককে বীরের সম্মান দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

0
185
মুশফিককে বীরের সম্মান দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
মুশফিককে বীরের সম্মান

ডেস্ক বার্তা: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অসিদের বিপক্ষে ৩৮১ রানের টার্গেটে নিশ্চিত পরাজয় জেনেও অনবদ্য ব্যাটিং করে শতরানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে শান্ত মনে অসাধারণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম।

খেলা শেষে মাঠ থেকে বের হওয়ার সময় সেঞ্চুরিয়ান মুশফিককে অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, উসমান খাজাসহ অন্যরা। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করা মুশফিককে বীরের সম্মান দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা!

টিভি স্ক্রিণে দেখা যায়, হলুদ জার্সি অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা লাল-সবুজের জার্সিধারী মুশফিককে তাদের মধ্যমনি করে মাঠ থেকে প্যাভিলিয়ন পর্যন্ত নিয়ে যান। এ দৃশ্যটি টাইগার সমর্থকদের হৃদয় ছুঁয়েছে।

বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি (১৬৬), উসমান খাজা ও অ্যারন ফিঞ্চের ঝড়ো ফিফটিতে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ৩৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন মুশফিক। তার ইনিংসটি ছিল ৯টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো। এছাড়া মাহমুদউল্লাহ ৬৯ ও তামিম ৬২ রান করেন। সাকিব করেন ৪১ রান।

অস্ট্রেলিয়ার দেয়া ৩৮১ রানের পাহাড় সমান টার্গেট সামনে রেখেও বাঙালিদের ৩৩৩ রান অর্জন একটি বড় সাহসের প্রমাণ।

আপনার মতামত দিন