বিশ্ববার্ত খেলা: টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের শুরুতেই টাইগারদের জয়।পতিপক্ষ প্রোটিয়াদের ২১ রানে হারা্য় বাংলাদেশ টিম।
রোববার (২ জুন) লন্ডনের ওভালে নিজেদের প্রথম ম্যাচে ২১ রানে প্রোটিয়াদের হারায় মাশরাফি-সাকিবরা বিশ্বকাপে টাইগারদের যাত্রা শুরু করলো ।
এবারের বিশ্বকাপে কঠিন সূচি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম তিন ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মত আইসিসি র্যাংকিং এ সবাই বাংলাদেশ থেকে ওপরে থাকা দলগুলো। তাছাড়া সাম্প্রতিক পারফর্ম্যান্স বিচারে বেশ এগিয়ে তারা। তাই প্রথম ম্যাচে অনেকটা চাপেই ছিল বাংলাদেশ দল।
কিন্তু পুরো ম্যাচেই নির্ভার ক্রিকেট খেলেছেন সাকিব-মুশফিক-রিয়াদ-মোসাদ্দেকরা। টাইগারদের করা ৩৩০ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।
৩৩১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কুইন্টন ডি কক আর এইডেন মার্করাম। মেহেদী হাসান মিরাজের বলে উইকেটের পেছনে ডি ককের ক্যাচ ধরতে পারেননি মুশফিক। তাতে খুব একটা ক্ষতি হয় নি দলের কারণ ক্যাচ মিস হয়ে পেছনে চলে যাওয়া বলটি দৌড়ে গিয়ে কুড়িয়ে স্ট্যাম্প ভেঙে দেন মুশফিক। ৩২ বলে ২৩ রান করে ডি কক ফেরেন রান আউট হয়ে।
এরপর ৫৩ রানের আরেকটি জুটি মার্করাম আর অধিনায়ক ফাফ ডু প্লেসিসের। ২০তম ওভারে এসে দুর্দান্ত এক ডেলিভারিতে মার্করামকে বোল্ড করেন সাকিব। প্রোটিয়া ওপেনার তখন ৫৬ বলে ৪৫ রানে। ১০২ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ভয়ংকর হয়ে ওঠা প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিসকে ফেরান মিরাজ। ৫২ বলে ৬২ রান করা ডু প্লেসিসকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোকা বানান মেহেদী হাসান মিরাজ। ডাউন দ্য উইকেটে তাকে মারতে গিয়ে বোল্ড হন ডু প্লেসিস।
অধিনায়ককে ফেরালেও চতুর্থ উইকেটে থিতু হয়ে বসেছিলেন ফন ডার ডুসেন এবং ডেভিড মিলার। দুজন মিলে গড়ে তুলেন ৫৫ রানের জুটি। ৩৬তম ওভারের প্রথম বলে ভয়ঙ্কর ডেভিড মিলারকে মেহেদী মিরাজের হাতে ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। আউট হওয়ার আগে ৪৩ বলে ৩৮ রান করেন মিলার। তার বিদায়ে দায়িত্ব বর্তায় ডুসেনের কাঁধে। অন্যদিকে সাইফউদ্দিনের বলে বোল্ড হওয়ার আগে ৩৮ বলে ৪১ রানের বেশি করতে পারেননি ডুসেন। দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
তবু তখনো বাকি ছিলো অনেকটা কাজ। কারণ পরীক্ষিত অলরাউন্ডার জেপি ডুমিনির সঙ্গে উইকেটে ছিলেন কার্যকরী ব্যাটিং করতে পারা আন্দিল ফেহলুখায়ো। তবে দুজন মিলে ভয়ের কারণ হয়ে ওঠার আগেই ৪৩তম ওভারে ফিলউখায়োর উইকেট নেন সাইফউদ্দিন।
ডুমিনিকে সঙ্গ দিতে উইকেটে আসেন আরেক পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস। দুজন মিলে খেলেন ৩ ওভার, তবে ২৩ রানের বেশি করতে পারেননি। ৪৬তম ওভারে নিজের শেষ স্পেলে বোলিং করতে এসে মরিসের উইকেট তুলে নেন মোস্তাফিজ। তখনো অন্য প্রান্তে অপরাজিত জেপি ডুমিনি।
শেষ ৪ ওভারে তাদের জয়ের জন্য বাকি ছিলো ৫৫ রান, হাতে ছিল ৩টি উইকেট। বাংলাদেশের দুই ডেথ স্পেশালিস্ট মোহাম্মদ সাইফউদ্দিন এবং মোস্তাফিজ আটকে দেন প্রোটিয়াদের। ৪৮তম ওভারের প্রথম বলেই তাকে সরাসরি বোল্ড করেবিশ্বকাপের শুরুতেই টাইগারদের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন কাটার মাস্টার মোস্তাফিজ। আউট হওয়ার আগে ৩৭ বলে ৪৫ রান করেন ডুমিনি। ২৮৭ রানে ৮ উইকেট হারানো প্রোটিয়াদের ৩০৯ রানে আটকে রেখে ২১ রানের দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ।
এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের জোড়া হাফসেঞ্চুরি আর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটে ভর করে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা। শুরুতেই ছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার। প্রোটিয়া বোলিং লাইনআপকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন তারা।
সাতের ওপর রান তুলে দলকে এগিয়ে নিচ্ছিলেন এই যুগল। শেষ পর্যন্ত নবম ওভারে বোলিং পরিবর্তন করেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, বল তুলে দেন আন্দেলু ফেহলুখায়োর হাতে।
ফেহলুখায়ো অধিনায়কের আস্থার প্রতিদান দেন প্রথম ওভারেই। দুর্দান্ত এক ডেলিভারিতে তামিমকে উইকেটের পেছনে ক্যাচ বানান এই পেসার। ২৯ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করে আউট হন তামিম। তামিম-সৌম্যর উদ্বোধনী জুটিটি ছিল ৬০ রানের। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে ওপেনিংয়ে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে বাংলাদেশ।
আজকের (রোববার) ঝড়ো ওপেনিং জুটিতে সৌম্যর অবদানই বেশি। ৬০ রানের মধ্যে ৪৬ রানই এসেছে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত বিধ্বংসী সৌম্যকেও বাউন্সারে পরাস্ত করে প্রোটিয়ারা। ক্রিস মরিসের বলটি গ্লাভসের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে। ৩০ বলে ৯ বাউন্ডারিতে ৪২ রান করে সাজঘরের পথ ধরেন সৌম্য।
৭৫ রানে ২ উইকেট হারানোর পর দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন সাকিব-মুশফিক। তৃতীয় উইকেট জুটিতে ১৪১ বলে তারা গড়েন ১৪২ রানের দুর্দান্ত এক জুটি। বিশ্বকাপের ইতিহাসে যেটি বাংলাদেশের সেরা জুটির রেকর্ড।
দলীয় ২১৭ রানের মাথায় সাকিবকে বোল্ড করেন ইমরান তাহির। ৮৪ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৫ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার। বড় এই জুটি ভাঙার পর ২১ বলে ২১ রানের ঝড়ো এক ইনিংস খেলে তাহিরেরই বলে বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন।
এরপর কাটায় কাটায় দলের ২৫০ রান হওয়ার পর মুশফিকও আউট হন। ৮০ বলে ৮ বাউন্ডারিতে টাইগার উইকেটরক্ষক করেন ৭৮ রান। সেখান থেকে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ আর মোসাদ্দেক হোসেনের ৪১ বলে ৬৬ রানের ঝড়ো জুটি।
৪৯তম ওভারের শেষ বলে ২০ বলে ২৬ রান করে আউট হন মোসাদ্দেক। তবে পরের সময়টায় ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ। ৩৩ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।
অলরাউন্ড পারফর্ম্যান্সের জন্য মাচ সেরা পুরষ্কার ওঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের হাতে। মাশরাফি-সাকিবদের এমন খেলাই বিশ্বকাপের শুরুতেই টাইগারদের জয় এনেদেয়।












