নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত ন্যাশনাল টি কোম্পানি (NTC) লিমিটেডের অধীনস্থ ঐতিহ্যবাহী ও বিস্তীর্ণ কুরমা চা বাগানে গাছ রোপণকে কেন্দ্র করে স্থানীয় চা শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে গাছের ডাল পুঁতে গাছ রোপণের নামে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুরমা চা বাগানে সম্প্রতি প্রায় ১৫ শত গাছ রোপণ করা হয়েছে। তবে বাগান কর্তৃপক্ষ শেকড়যুক্ত চারা গাছ লাগানোর কথা থাকলেও শুধুমাত্র গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিয়েছে বলে অভিযোগ করেন শ্রমিক ও স্থানীয় জনতা। ডালগুলো থেকে কোনো শেকড় না থাকায় এবং সঠিকভাবে চারা রোপণ না করায় এগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই ঘটনার পর থেকেই সাধারণ চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয় শ্রমিকদের একটি বড় অংশের ধারণা, শেকড় ছাড়া কেবল ডাল রোপণের এই প্রক্রিয়ার আড়ালে বাগানের বড় বাবু ও বড় সাহেব যোগসাজশ করে প্রকল্পটির বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করছেন।
এ বিষয়ে কুরমা চা বাগানের ম্যানেজার/ব্যবস্থাপক মো: শফিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। তবে গাছের ডাল কেটে রোপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকেই নাকি গাছের ডাল কেটে চারা হিসেবে রোপণ প্রক্রিয়া অবলম্বন করে আসছে বাগান কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে, বাগান কর্তৃপক্ষের এই দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি ফোনে আলাপ করা সম্ভব নয়; পরবর্তীতে সাক্ষাতে এ বিষয়ে কথা বলা যাবে এই বলে তিনি কল কেটে দেন।









