স্টাফ রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে রাতে নাফনদীতে গোলাগুলির পর বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
আজ রবিবার (২জুন) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান ব্যাটালিয়ন হলরোমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ইয়াবার চালান উদ্ধারের বিবরণ দেন।
তিনি বলেন, গত শনিবার রাতে বিজিবির একটি বিশেষ টহল দল নাফনদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছিল। সে সময় রাত সাড়ে ৯টার দিকে জাদিমোরা বরাবর বিআরএম-৯ এর নিকটবর্তী এলাকা দিয়ে হস্তচালিত ১টি নৌকা নিয়ে বাংলাদেশের দিকে আসলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার জন্য গুলিবর্ষণ করে। অন্যদিকে বিজিবি আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলিবর্ষণ করে। পরে জোয়ারে পূর্ণ নদীতে ঘটনাস্থল তল্লাশি করে কাউকে পাওয়া যায়নি।
তবে তল্লাশি করে ইয়াবা ভর্তি বড় বড় বস্তাসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়। ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯লাখ ৬২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
আরও পড়ুন: ফেসবুক গুগলের মতো প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হবে – এনবিআর
স্থানীয়রা জানান, গোলাগুলির পরপরই ৩-৪জন রোহিঙ্গা নাফনদী থেকে পালিয়ে বৃটিশ পাড়ায় প্রবেশ করতে দেখাগেছে। ওই গ্রামের চিহ্নিত মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত আসামী পাওয়া যাবে।












