ডেক্স বার্তাঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে ১০ ঘটিকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আরোও পড়ুন: কমলগঞ্জের ৯টি ইউনিয়নে মোট ৮ হাজার ৯৯৮ জনকে ভিজিএফ এর চাল বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এসব সামগ্রী তুলে দেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আউশ ও খরিপ-১ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে।
সরকারের এই বিশেষ প্রণোদনার আওতায় উপজেলায় ৬৩০০ জনের প্রত্যেক কৃষককে ৫ কেজি করে বীজ,
রাসায়নিক সার ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কোনো জমি যেন পতিত না থাকে। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করতে এবং উৎপাদন ব্যয় কমাতে আমরা এই সার ও বীজ বিতরণ করছি। প্রযোজনে কৃষি যন্ত্রপাতিও প্রধান করা হবে”
বিতরণকালে উপস্থিত কৃষকরা জানান, সঠিক সময়ে সরকারি এই সহায়তা পাওয়ায় তারা আবাদের ক্ষেত্রে অনেকটা স্বস্তিবোধ করছেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।










