বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি

0
189
bissobarta.com
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

ডেক্স রিপোর্ট: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি আজ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে ঐতিহাসিক এক দিন। ২০১৮ সালের ১২ মে বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে।

বাংলাদেশের গর্বিত অভিষেক হয়েছিল বিশ্বের অভিজাত স্যাটেলাইট ক্লাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়েই মূলত বাংলাদেশের সব অঞ্চল টেলিযোগাযোগ সেবার আওতায় চলে আসে। হাতিয়া, সন্দ্বীপের মতো দুর্গম অঞ্চল বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। আজ বর্ষপূর্তির দিন থেকেই দেশের সরকারি-বেসরকারি মালিকানার সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সম্প্রচার শুরু করছে। এখন পুরোমাত্রায় বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনায় গঠিত ‘বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে’র (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সমকালকে জানিয়েছেন, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা হলে সেখানেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হবে। তিনি জানান, শুধু দেশের ভেতরে নয়, দেশের বাইরেও লাভজনক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এরই মধ্যে নেপাল ও ফিলিপাইন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ব্যান্ডউইথ কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে এখন আলাপ-আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সব ধরনের পরীক্ষামূলক কার্যক্রম এবং কনফিগারেশন শেষ। এখন এর মাধ্যমে বহুমুখী তথ্যপ্রযুক্তি সেবা দেওয়ার কার্যক্রম একের পর এক শুরু হবে।

এদিকে বিসিএসসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তির অনুষ্ঠানটি আজ রোববার হচ্ছে না। এর পরিবর্তে আগামী ১৯ মে এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বিপণন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন সেবার ওপরে নির্মিত তথ্যচিত্রও প্রদর্শন করা হবে।

সম্প্রচারের বিষয়ে ডিবিসি নিউজের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন সম্প্রচারের জন্য দেশের সব চ্যানেলই নীতিগতভাবে একমত এবং প্রস্তুতিও সম্পন্ন করেছে। তবে কিছু কারিগরি সমস্যা আছে। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইটের বেতারতরঙ্গ সি-ব্যান্ডের এবং এর কারিগরি বিন্যাস আগের ব্যবহূত স্যাটেলাইটের চেয়ে ভিন্ন ধরনের। যে কারণে টেলিভিশন থেকে গাজীপুরের আর্থ স্টেশনের মাধ্যমে আপলিংক করার পর এটি পুনরায় ডাউনলিংক করার জন্য কেবল অপারেটরদের কাছে এলএনবি নামে নতুন একটি ডিভাইস থাকতে হবে। এই ডিভাইস কিছুটা ব্যয়বহুল এবং এটি বাজারে পাওয়া যায় না। অর্ডার দিলে নির্মাতা কোম্পানি তা সরবরাহ করে। বিসিএসসিএলের পক্ষ থেকে এ ধরনের কয়েকটি ডিভাইসের অর্ডার দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ডিভাইসগুলো পাওয়ার পরই বঙ্গবন্ধু  স্যাটেলাইট ব্যবহার করে অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হবে।

এ ব্যাপারে ড. শাহজাহান মাহমুদ জানান, এরই মধ্যে টেলিভিশন চ্যানেলগুলোর চাহিদা অনুযায়ী ১ হাজার ১০০টি এলএনবি ডিভাইসের অর্ডার দেওয়া হয়েছে। তিন ধাপে আগামী ২৭ মের মধ্যেই এগুলো চলে আসবে। এগুলো বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের মাধ্যমে সব বেসরকারি টিভি চ্যানেলকে বিনামূল্যে দেওয়া হবে। এ ছাড়া  সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সম্প্রচার তিন মাস সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে। তিনি জানান, গাজীপুরে আর্থ স্টেশনের মাধ্যমে টেলিভিশনের ফিড আপলিংকের জন্য তিনটি বিকল্প কেবল লাইন করা হয়েছে। ফলে এ সেবাও নিরবচ্ছিন্ন থাকবে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে মসৃণ সম্প্রচার সম্ভব হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের অন্যান্য ব্যবহার সম্পর্কে জানা গেছে, এ স্যাটেলাইট থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়ে এটিএম নেটওয়ার্কসহ ব্যাংকিং ব্যবস্থার ইন্টারনেট কার্যক্রম পরিচালিত হলে সেখানে ব্যাংকের জন্য আরও বেশি নিরাপদ নেটওয়ার্ক তৈরি সম্ভব হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে যে ব্যান্ডউইথ আসবে তা বহুমাত্রিকভাবে সংযুক্ত নেটওয়ার্কের পরিবর্তে ব্যাংকগুলোকে একটি পৃথক ও নিজস্ব নেটওয়ার্ক তৈরির নিশ্চয়তা দেবে। ব্যাংকের সার্ভার থেকে এটিএম বুথ পর্যন্ত এই একটি নিজস্ব নেটওয়ার্ক থাকলে সাইবার নিরাপত্তার ঝুঁকি একেবারেই কমে যাবে। এরই মধ্যে বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে এ ধরনের সেবা চালুর জন্য পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। ভবিষ্যতে অন্য বেসরকারি ব্যাংকগুলোও উৎসাহী হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বর্ষপূর্তির অনুষ্ঠানেই ব্যাংকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা জোরদারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভূমিকা বিষয়ে একটি প্রদর্শনী থাকবে।

এছাড়াও বর্ষপূর্তির অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ প্রযুক্তিতে কেবল টিভি সেবা চালুর বিষয়েও একটি প্রদর্শনী থাকবে। এরই মধ্যে এই প্রযুক্তিতে বেক্সিমকো মিডিয়া লিমিটেড সেবা দেওয়া শুরু করেছে, যেখানে একটি প্যাকেজেই একসঙ্গে ১৫৩টি টিভি চ্যানেল দেখার সুযোগ রয়েছে।

ফিরে দেখা সেই অধ্যায় :বাংলাদেশের একটি নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের (আইটিইউ) কাছে আবেদন করে ২০০৯ সালে। এরপর ২০১২ সালে এ স্যাটেলাইট নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালকে পরামর্শক নিয়োগ করা হয়। এরপর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ফ্রান্সের কোম্পানি থ্যালেস অ্যালেনিয়া স্পেসকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণের জন্য নিয়োগ করা হয়। এরপর ২০১৫ সালে রাশিয়ার কোম্পানি ইন্টার স্পুটনিকের কাছ থেকে ১৫ বছর মেয়য়াদে কক্ষপথ ভাড়া নেওয়া হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কক্ষপথের অবস্থান দাঁড়ায় ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণে মোট ব্যয় হয় প্রায় ২ হাজার ৭৬৫ কোটি টাকা।

থ্যালেস অ্যালেনিয়া স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ চলাকালেই এটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি স্পেস এক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। শেষ পর্যন্ত স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ২০১৮ সালের ১২ মে (বাংলাদেশ সময় ১১ মে রাত ২টা ১৪ মিনিট, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিট)।

আপনার মতামত দিন