ডেস্ক বার্তা: বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক চার যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।রিফাত হত্যা মামলায় তাঁদের সম্পৃক্ততা পায়নি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার(২৭জুন) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে চার যুবককে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
জানা গেছে, ওই চার যুবক এমভি মানামী লঞ্চে করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছিলেন। লঞ্চ ছাড়ার আগেই তাঁদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে দিবাগত রাত ৩টার দিকে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
আরোও পড়ুন: সুইস ব্যাংকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশির জমানো টাকার পরিমাণ
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই চার যুবকের বাড়ি বরগুনায়। আটকের পর তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়। রিফাত হত্যা মামলার ঘটনায় তাঁরা সম্পৃক্ত নয়।তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার(২৬জুন) সকালে বরগুনা সরকারী কলেজ রোডে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাতকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে এই ঘটনার সঠিক বিচার চাওয়া হয়। রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
