নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে একাদিক স্থানে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। কমলগঞ্জের ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর–জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে এলাকার আব্দুল কাদিরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর–জসমতপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে তারা বিপুল আর্থিকভাবে লাভবান হলেও সরকার হারাচ্ছে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করার পরও বালু উত্তোলন থামেনি সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে১৫-২০টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
এছাড়াও অভিযোগ উঠেছে কমলগঞ্জ উপজেলার করিমপুর, শিববাজার, রানীরবাজার, শুকুর উল্লাহ গ্রাম, তেতুল পয়েন্ট নামক স্থান সহ অসংখ্য জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
গুঞ্জন উঠেছে এসব অবৈধ বালু উত্তোলন কিছু সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে তোলা হচ্ছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি অস্বীকার করে বলেন, অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।











