ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে দেশবাসীর জানমালের নিরাপত্তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার মসজিদে মসজিদে এই দোয়ার আহ্বান জানান তিনি।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান সাংবাদিকদের বলেন, লন্ডন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এর মাধ্যমে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড় থেকে যেন আল্লাহ তাআলা দেশবাসী জানমাল রক্ষা করেন সেজন্য বাদ জুম্মা সারা বাংলাদেশের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয় ঘূর্ণিঝড় ফণী কেন্দ্রস্থ ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস থেকে পটুয়াখালীর পায়রা ও বাগেরহাট মংলা সমুদ্র বন্দরকে ৭ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ফণী ৩ মে ভারতের উরিশা অতিক্রম করে সন্ধ্যার দিকে খুলনাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।