বিশ্ববার্তা ডেস্ব: প্রচন্ড ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের জাতীয় মসজিদ ‘বায়তুল মোকাররম’ মসজিদের মুসল্লিদের নামাজের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও প্রায় ২০ জনের মত আহত হয়েছেন বলে জানা যায়।
শুক্রবার (১৭ মে২০১৯ইং) মাগরিবের নামাজের পরপর হঠাৎ করে প্রচন্ড ঝর আসলে মসজিদের পশ্চিম পাশে অতিরিক্ত প্যান্ডেল ভেঙে পড়ে।এতে সাফিকুল ইসলাম নামের এক যুবক মারা যান।
নিহত সফিকুল ইসলামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। তিনি ঢাকায় একটি টায়ারের দোকানে কাজ করতেন। সফিকুলের শ্যালক সাইফুল ইসলাম জানান, মাগরিবের ফরজ নামাজ শেষ করে মাত্র সুন্নাত পড়ার জন্য দাঁড়িয়েছে। এসময় হঠাৎ ঝড়ো-তুফান শুরু হয়। মুহূর্তের মধ্যে প্যান্ডেলটি ভেঙে পড়ে। এরপর শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরা হলেন, সিটি এসবির সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম (৩৬), রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬)। আহতদের মধ্যে অনেকেই জানান, নামাজ আদায় করার পর ঝড়ের কারণে প্যান্ডেল ভেঙে তাদের ওপর পড়ে। এতে তারা আহত হন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এদের মধ্যে কারো প্রাণহানির আশঙ্কা নেই বলে চিকিৎসক জানিয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রাত সাড়ে সাতটায় জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।
ঝড়ে রাজধানীর তিতুমীর কলেজের সামনেসহ বিভিন্ন এলাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছপালা অপসারণে কাজ করছেন।
