কমলগঞ্জে সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, মানছেন না সালিশও

0
কমলগঞ্জে সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, মানছেন না সালিশও

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে সরকারি পদমর্যাদার প্রভাব খাটিয়ে জমি দখল ও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের মালিকানাধীন প্রায় এক শতাংশ জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রেজিয়া বেগম।

গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ইউএনও বরাবর দেওয়া লিখিত অভিযোগে রেজিয়া বেগম উল্লেখ করেন, প্রতিবেশী সেলিনা বেগম তাঁর মালিকানাধীন আনুমানিক এক শতাংশ জমি দখল করে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। শুধু তাঁর জমিই নয়, আশপাশের আরও কয়েকজনের জমি দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, একই সীমানাপ্রাচীরের ভেতরে রেজিয়া বেগমের প্রায় এক শতাংশ, গোলাম রাব্বানীর ১৫ ফুট, মাওলানা আলীম উদ্দিনের এক শতাংশ এবং চেরাগ উদ্দিনের প্রায় দুই শতাংশ জমি রয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রেজাউল করিম ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমদসহ অন্যদের মধ্যস্থতায় জমির সীমানা নির্ধারণ ও বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়।

স্থানীয় সালিশে উপস্থিত রেজাউল করিম জানান, দুই পক্ষের সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করা হলে সীমানা প্রাচীরের ভেতরে রেজিয়া বেগমের জমি পাওয়া যায়। পরে সালিশে দখলকৃত অংশের প্রাচীর অপসারণ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি।

অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমদও জানান, সালিশে জমি দখলের বিষয়টি উঠে আসে এবং দখলকৃত অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অভিযুক্ত পক্ষ তা মেনে নেয়নি বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সেলিনা বেগমের মেয়ে রাবেয়া বেগম বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফার্স্ট সেক্রেটারি পদে কর্মরত। তাঁর সরকারি পদমর্যাদার প্রভাব খাটিয়ে জমি দখল বজায় রাখা হচ্ছে বলে অভিযোগকারীদের দাবি। এমনকি জমির মালিকেরা পারলে নিজেদের ব্যবস্থা নিতে পারেন—এমন বক্তব্যও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় জমির দলিল, খতিয়ান ও দাগসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি সরেজমিনে নিরপেক্ষ তদন্ত, সঠিক সীমানা নির্ধারণ এবং আইনানুগভাবে নিজের জমির দখল পুনরুদ্ধারে ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছেন রেজিয়া বেগম।

অভিযোগের সঙ্গে জমির দলিলের ফটোকপি, খতিয়ান ও দাগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সেলিনা বেগম ও রাবেয়া বেগমের বাড়িতে একাধিক যাওয়া হলেও কোন বক্তব্য পাওয়া যায় নি।

আপনার মতামত দিন
Exit mobile version