বিশ্ববার্তা ডেস্ক: মোমেনা সোমা নামের এক শিক্ষার্থীকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছে অষ্ট্রেলিয়ার একটি আদালত। বুধবার ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টে এই বিচারের শুনানী হয়। বিচারক লেসলি টেইলর এই বিচারের রায় দেন।
সাজাপ্রাপ্ত ঐ শিক্ষার্থীর ঠিকানা নারায়ণগঞ্জ জেলায়। সোমা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য অষ্ট্রেলিয়ায় যান। পাসপোর্ট অনুযায়ী তার বয়স ২৬ বছর।
২০১৮ সালের ১ ফেব্রুয়ারি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া পাড়ি জমান সোমা। সেখানে যেয়ে ৯ দিনের মাথায় মেলবোর্নে রজার সিংগারাভেলু নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের ০৯ ফেব্রুয়ারি মেলবোর্নে বাড়ির মালিককে হত্যা করার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেন সোমা। এ ঘটনার পরই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ অভিযোগ করেন জঙ্গি সংগঠন আইএসের মতাদর্শে উদ্বুদ্ধ ছিলেন মোমেনা সোমা।
ভিক্টোরিয়া রাজ্যের কারাবিধি অনুযায়ী কমপক্ষে ৩১ বছর ছয় মাস সাজাভোগ করতে হবে সোমাকে এবং সাজাভোগের পর প্যারোলের আবেদন করতে পারবেন মোমেনা সোমা ।
আরেও পড়ুন: বায়ু দূষণের কারণে সরকারের বিরুদ্ধে মামলা করলেন মা ও মেয়ে
এ ঘটনায় বাংলাদেশ ডিএমপি কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল সোমাদের বাসায় যায়। রাজধানী মিরপুরের কাজীপাড়ায় তাদের বাসা। সোমার ছোট বোন আসমাউল হুসনা সুমনা ঐ সময় ইউনিটের এক কর্মকর্তার উপর ছুরি নিয়ে আক্রমণ চালান ।
