স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে। ট্রেনের একটি বগি খালের পানিতে পড়ে যায়।ট্রেন উদ্ধার কাজে রেলওয়ে কর্তৃপক্ষকে সহায়তা করছেন পুলিশ ও বিজিবি।
সোমবার (২৪ জুন) সকাল থেকে পড়ে যওয়া বগি গুলোর উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে এ উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজে রেলওয়ে কর্তৃপক্ষকে সহায়তা করছেন পুলিশ ও বিজিবি সদস্যরা।
বর্তমানে ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিগুলোকে টেনে তোলা হচ্ছে উপরে। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন বেঁকে যাওয়া লাইনগুলো সোজা করার চেষ্টা করছেন।
দুর্ঘটনায় খালের পানিতে পড়ে যাওয়া ট্রেনের একটি বগিকে এখনও ওপরে উঠানো সম্ভব হয়নি। সেটিকে তুলতে বড় ক্রেন প্রয়োজন বলে মনে করছেন উদ্ধারকারীরা।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) রফিকুল ইসলাম, রেল মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন ও রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষজ্ঞ প্রকৌশলীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, কুলাউড়ায় গতকাল রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে যানা যায়। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এ সম্পর্কে এখনো কোন তথ্য দেয়নি।
আজ (সোমবার ২৪জুন) সিলেট-ঢাকা রুটের কালনী ও জয়ন্তিকা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এরপর থেকে সব ট্রেন যথাসময়ে চলাচল করবে। তবে কুলাউড়া পর্যন্ত চলাচল করবে এ ট্রেনগুলো
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন ও সিলেট স্টেশনের সহকারী মাস্টার সজিব কুমার মালাকার বলেন, ঢাকা ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সকল ট্রেনগুলো কুলাউড়া পর্যন্ত চলাচল করবে৷
আরোও পড়ুন: কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনা
সিলেটের যাত্রীদের সড়ক পথে কুলাউড়া এসে ট্রেনে উঠতে হবে। তারা আরোও জানান, বরমচালের ট্রেন উদ্ধার কাজ শেষ হওয়া ও ভেঙ্গে পড়া সেতু সংস্কার করার পূর্ব পর্যন্ত এ ব্যবস্থায় রেল যোগাযোগ চালু থাকবে।
