বিশ্ববার্তা ডেস্ক: খুলনায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন বিকাল ৫টার পর বাজার ও মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নিত্য পণ্যের এসব বাজার ও দোকান এখন খোলা থাকবে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আরোও পড়ুন:
- ঢাকায় প্রবেশ কিংবা ঢাকার বহিরে না যাওয়ার পদক্ষেপ গ্রহন করা হচ্ছে
- আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ত্রাণের ১৩৮ বস্তা চাল উদ্ধার
- দেশে আরও একজনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ১৮ জন
রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরীতে রবিবার বিকাল ৫টার পর নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দোকান, সকল বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক এর আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরীর রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
